This Is Scrolling Text with scrollamount="6"

অচিনপাখি ডিজিটালে আপনাকে স্বাগত । লেখা পাঠান এই মেলে -achinpakhipotrika@gmail.com

Monday, March 29, 2021

কবিতা - ওবায়েদ আকাশ

 

তোমার সম্রাজ্ঞীর জীবন

 

একদিন দূরের সমুদ্র ধরে ডুবতে ডুবতে

তোমার অন্যায্য নিকটে এসে

সারা দেহে পাখির পালক মুড়িয়ে বলব যে,

তোমার সম্রাজ্ঞীর জীবন কেন বিষাদে ভরপুর ছিল?

 

আর তুমি বিন্যস্ত নকল পালক ধরে

উড়ে যাবার বাসনা করতেই আমি

মাছ হয়ে সমুদ্রে মিলিয়ে যেতে পারি।

 

তখন যতই বাসনা হোক- লালনীল

মাছেদের ডানায় তোমার ভবিষ্যৎ সন্তরণরীতি

কিছুতে ভাবতে পারি না আজকাল

 

এবং তোমার জন্য উদ্যত এই সমুদ্রশূন্যতা

আমাকে বারবার প্রাচীন লোকালয় ঘিরে

হেঁটে যেতে উদ্বুদ্ধ করে-

 

আমি মনুষ্য অবয়বহীন সিন্ধু বা পবনপ্রেমিক

তোমার সম্রাজ্ঞী- জীবনের অভিশাপের ক্ষুধায়

না মানুষ না জলজ জীবনে স্থিত হতে পেরেছি !


কবিতা - বিধান শীল

 

মহুয়া ফুলের গন্ধ 

 

মহুয়া ফুলের গন্ধে মাতাল হয়ে যাচ্ছে শরীর

একটা অদ্ভুত চোরা প্রেম জড়িয়ে ধরছে বারবার

ভোরের বাতাসে এখনও কোকিলের কনসার্ট

চলো রাই, চলে যাই ওই আদিবাসী গ্রাম ।

 

সূর্য উঠতে এখনও অনেক সময় বাকি

কেন্দুপাকার আবেশে এক পরিপূর্ণতার ছবি

শালতলে পাশাপাশি বসে ঝুমুরের কলি ঘোরাব ঠোঁটে

পীরিতের ফাগুনে কোমর দুলিয়ে নাচাব শরীর ।

 

এই বিপন্ন শহর ভালো লাগে না

পাহাড়, ঘন জঙ্গল আর ওই নদী ঘেরা গাঁ

লাল ধুলো, দিগন্ত বিস্তৃত সবুজ মাঠে

দু' হাতে মেখে তৈরি করবো কাদা মাটির ঘর ।

 

ওঠো রাই,  আর ঘুমিয়ো না

ভয়াবহ বিষাক্ত কীটে ভরে যাচ্ছে পৃথিবী !

আটপৌরে শাড়ি পরে কুঁড়চি ফুল মাথায় গুঁজো

ওই শুনো, ধামসা মাদলের কত আওয়াজ  ।


কবিতা - অভিজিৎ দাশগুপ্ত

 

কঠিন খোলস


মানুষের মাথার খুলি বেশ শক্ত,

খুলি ভেদ করে নতুন ধারণা

প্রবেশ করাতে রীতিমতো যুদ্ধ করতে হয় ।

 

যদিও বা প্রবেশ করানো গেল

তাকে প্রতিষ্ঠিত করা আরো কঠিন,

ঘিলুর সঞ্চারণ সহজে কেউ করতে চায় না ।

 

যেমন আছি, এই বেশ ভালো আছি---

না আছি ভালোবাসায়, না আছি বিপ্লবে,

আছি শুধু কচ্ছপের খোলসে ।


কবিতা - অর্পিতা মণ্ডল

 

সময়ঘুর্ণি


কিছু সময় থমকে গেছে চিরকালের কাঁটায়!

কিছু রাত্রি পাখনা মেলেছে নীহারিকা হবে বলে!

কিছু জীবন্ত চেতনা অনবরত মরছে পাতাল জুড়ে!

সবকিছু স্বপ্নের হাত ধরে কাটিয়ে দিচ্ছে মায়ায়

 

টগবগিয়ে ঘোড়ার দল ছুটতে ছুটতে

হাঁপিয়ে গেছে সব

এখন ওদের বিশ্রাম নিতে হবে

ক্লান্ত শরীর হাঁপিয়ে গেছে বলে পা মেলে শুতে হবে

অতি আকাঙ্খিত আস্পর্ধার যবনিকা উড়ে গেছে-

অনেক দূরে কোথাও ; এখন সবই ছায়ায় হারিয়ে যাবে

 

চাইলেই সবকিছু সহজলভ্য

কিন্তু চাইলেই পাওয়া যায় না নিস্তব্ধতা,

নির্বাক হওয়ার প্রবণতা!

সহজেই দুরন্ত হওয়া যায়,

শান্ত হতে গেলে লাগে ক্ষমতা

লাগে ক্ষমতার পরিপূর্ণতা, পরিপূর্ণ আত্মা

তাই, টগবগিয়ে ঘোড়ার দল ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে

এখন ওদের বিশ্রাম নেওয়ার সময়



কবিতা - চিত্তরঞ্জন গিরি

 

দাগ

 

কেন ওরা অকারণে দাগ দিয়ে দেয়

খুব অল্প সময় ওরা নিজের মতো নদ নদী পাহাড় মরুভূমি সাজিয়ে 

নিজেদের মতো একটা পৃথিবী তৈরি করে

বেতারের তারে - ভিত্তিহীন সংবাদ ভাসিয়ে দেয়

এ ও এক আগুন ! মুখরোচক ও রসালো -দাউ দাউ করে ছড়িয়ে পড়ে

মাটির কাছাকাছি আর মাটিতে মিশে যাওয়া এক নয়

শাশ্বত সূর্যকে যতই মেঘ ঢেকে রাখুক

তবুও তা তাৎক্ষণিক ! 

আঁধার, তোমার স্বেচ্ছাচারিতা তোমারই ব্যর্থ অহংকার !

সূর্যকিরণ - সময়ের স্রোতে দেখায় তার উজ্জ্বল মুখ

গ্রীষ্মের দাবদাহ সয়ে যাচ্ছি

শুধু অপেক্ষা - কালবেলার উত্তীর্ণ হওয়ার ক্ষমতা অর্জন!

ওরা দেখুক, কোন এক বরষায় সুপ্ত বীজ,অঙ্কুরোদগম পেয়ে

দূষণের দাগগুলো ওদেরই পৃথিবীকে করছে একদিন অনবরত বর্জন


কবিতা - প্রবীর চক্রবর্তী

 

জীবনের কথামালা


হলুদ বর্ণমালায় সাজানো দিনলিপি

ঘুম জড়ানো চোখে নৈমিত্তিক ব্যস্ততা


পথের দুপাশে সাফল্যের শীর্ষ দেখেও

দিগন্তরেখার আকর্ষণ


ব্যর্থতা ফুল হয়ে ফুটে আছে নীল দিগন্তে

বদলে যাচ্ছে পরিচিত সময়ের সংলাপ


আমার আয়ু ভেঙে ভেঙে তৈরি করছি

জীবনের কথামালা


পথপ্রান্তে রেখে যাবার জন্য


কবিতা - সুপ্রিয় গড়গড়ি

 

বিলাপ


আর জেদ ক'রে বলা যায়না, থেকে যাও আরো কিছুক্ষণ,

মেখে যাও ঘাসের আগায় ঝুলন্ত স্নিগ্ধ শিশিরজল

যা তোমার স্নানের জন্য জমিয়েছি সারাটা ভোর

আর বলা যায়না!

ঘুম আসেনি কাল,

তোমাকে শেষবার দেখার উত্তেজনায়

হ্রদের প্রশান্ত জলের সামনে

আমাদের একরাশ শব্দ আর দুজোড়া ঠোঁটের মিলন

ভাসমান সিক্ত পদ্মপাতায় যৌবন ঢেলে দিত,

আর আসবোনা শুনে সে পাতা শুকিয়ে গেছে মন উদাসী আশ্বিনে

একটু চোখ বুজিয়ে দ্যাখো,

পাখিরাও আজ মৃত আমার মতো,

মেঘেদের বৃষ্টিভেজা চোখ মিলনের দাবী করে,

তবু তা সম্ভব নয়

আর সম্ভব নয়!

না, আজ শিশিরে নয়

কাল তোমার গায়ে হলুদের আগে

আমার চোখের জলে নাইতে এলে তুমি