দৃশ্যের অভিজ্ঞতা ভাসিয়ে ঘোলা স্রোতে
কয়েকজন কৃষ্ণচূড়া মানুষ একান্তে বোনে
বিবর্ণ হাওয়ার গল্প
প্রসঙ্গ পাল্টালে কেউ একজন হয়ে ওঠে ‘লাবণ্য’
সান্ধ্যপিপাসা নিয়ে ঘরে ফেরে আরেকজন;
কিন্তু প্রত্যেকেই নিজস্ব ভূগোলে সঞ্চয় করে
সময় ও স্রোতের স্থিরচিত্র, জলঘুঙুরের বাদামী গান...
নদীর গ্রীবায় হাত রেখে পরী হওয়ার লোভ যার অকৃত্রিম
সে-ও এ-দলের অন্যতম কথাবাদক, পর্দার ও-পাশে
কুর্নিশ করে চতুর সময়কে;
জুড়ে দেয় সবিস্ময়, পথের ভাঁজে...
ভাঁজ হয়ে থাকা এই চক্রে কেউ জান্তব রূপকথা,
সার্কাসের মনোমুগ্ধকর সঙ যেন বা কেউ!
তবু হাততালিপর্বে সবাই প্রেমাস্পদ, সংশয়হীন...সখ্য।
নদীভ্রমণের গল্পে শুধু একজনই সংশয়বাদী
চোখে মিশ্র আবর্তন, তবু স্নায়ুসজল অহমে ডাকে
সঙ্কোচের দূরত্ব মাড়িয়ে বসন্ত পোড়াই, এসো...
No comments:
Post a Comment